চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে মোহাম্মদ আজগর হোসেন ( ৩০ ) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজগর চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিজ্জির দোকান এলাকার মোহাম্মদ নবী আলম প্রকাশ ( লেদু )’র ছেলে।
জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় কিছু যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে কলেজের দপ্তরি বিদ্যুৎ কন্ট্রোল রুমের দরজা খুলে যুবকের লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ বিভাগের সহায়তায় সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি গনমাধ্যম কর্মীদের জানান, লাশের পাশে বৈদ্যুতিক তাঁর কাটার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে আনুমানিক এক সপ্তাহ আগে বৈদ্যুতিক তার চুরি করতে ওই যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমে প্রবেশ করেছিল এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। আজগরের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ২টি চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওসি ইমরান আল হোসাইন।
