“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতকানিয়ায় মৎস্য সপ্তাহ- ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এসব কর্মসূচির আয়োজন করেন। উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা। প্রধান বক্তা ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী।
উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদান রাখায় ৪ জনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন- উপজেলা পর্যায়ে সফল মাছ উৎপাদনকারী ইয়াছিন আরাফাত বাবুল, সফল পোনা উৎপাদনকারী হাবিবুর রহমান, সফল মাছ উৎপাদনকারী মোহাম্মদ মহসিন ও মো. এহেছানুল করিম। অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বাইরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছে ভাতে বাঙালি এ কথাটি জাতির দৈনন্দিন জীবনের সাথে জড়িত। মানুষের দেহে সিংহ ভাগ আমিষের ঘাটতি পূরণ করে মাছ। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ২ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া ইলিশ আহরনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। মাছ চাষীরা কোন পদ্ধতিতে চাষ করলে বেশি লাভবান হতে পারবেন এজন্য সরকারের মৎস্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাছ চাষীদের বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে। এজন্য দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাছ উৎপাদন। অপরদিকে হারিয়ে যাওয়া দেশী মাছগুলো সংরক্ষণে নজর দিতে হবে। এজন্য খাল-বিল ও নদী-নালাতে পয়ঃনিষ্কাশন ও কলকারখানা বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
