আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে একটি নূরানী মাদ্রাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটায় মাদ্রাসার বই-পুস্তকসহ টিনশেড মাদ্রাসাটি পুড়ে যায়।
মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরেঙ্গা গ্রামের রাজারপাড়া সালাম মাঝির বাড়ি এলাকার “জামেয়া ত্বয়্যিবিয়াহ দারুস সালাম সুন্নিয়া কমপ্লেক্স” মাদ্রাসায় এই আগুনের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে মাদ্রাসার পরিচালক জাহাঙ্গীর আলম জানান, কেরামত আলীর গোষ্ঠীর সাথে আমাদের একটা বিষয় নিয়ে সমস্যা চলছিলো এরই পেক্ষিতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের পরিবারের উপর হামলা করতে আসে এমন সময় আমরা বাড়িতে ঢুকে গেলে তারা আমাদের মাদ্রাসায় আগুন লাগিয়ে দেয়। মাদ্রাসাটিতে শতাধিক শিক্ষার্থী রয়েছে বলে তিনি জানান।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে একটা মাদ্রাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, আগুন লাগানোর খবর পেয়ে পুলিশের ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
