চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সুমন জলদাশ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে ইপিজেড থানাধীন আকমল আলী রোডের মমতা গলি সংলগ্ন পরিত্যক্ত এক ঘরের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার হয়েছে।
নিহত জলদাশ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা ও নগরীতে তিনি ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় থাকতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন বলেন, পরিত্যক্ত মালামাল কুড়িয়ে বিক্রি করা ছিল সুমনের পেশা। বুধবার সকালে তিনি আকমল আলী রোডে পরিত্যক্ত জিনিসপত্র কুড়াতে বের হয়েছিলেন। সেখানে একটি গলিতে দুই পরিত্যক্ত ঘরের পাশে খালি জায়গায় কিছু পানি জমে ছিল। সেই পানিতে পুরোনো টিন ছিল আর টিনের সঙ্গে বিদ্যুতের তার লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, পানিতে দাঁড়িয়ে টিন ধরায় সুমন বিদ্যুতায়িত হয়ে মারা যান। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
