যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
জানা গেছে, ডোনাল্ড লু দ্বিপক্ষীয় মূল বৈঠকটি করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ দুটি বৈঠকে সরকারকে রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কূটনীতিকেরা। সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।
