চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৪০ হাজার ৮৬৬ জন। পাশের হার শতকরা ৫৩ দশমিক ৭ শতাংশ।
শুক্রবার (৮ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও এ ফল দেখা যাচ্ছে।
এ ইউনিটের সমন্বয়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, এই ইউনিটে মোট ৭৭ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছে ৪০ হাজার ৮৬৬ জন। পাশের হার ৫৩.৭ শতাংশ। ফলাফলে ফেল করেছে ৩৬ হাজার ৩৯৩ জন। অকৃতকার্যের হার ৪৬.৩ শতাংশ।
গত শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ২১৫ টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন। আর পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী।
