সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে হাজার বছরেরও অধিক কালজুড়ে পালিত হয়ে আসছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। সনাতন ধর্মাবলম্বীদের কলিযুগের সবচেয়ে বড় ও প্রধান ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথধামে।
৭ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত তিন’ দিনব্যাপী এ মেলায় দেশ-বিদেশ থেকে লাখ লাখ সনাতন ধর্মাবলম্বী নর-নারী পুণ্যার্থী পুণ্য লাভের আশায় তীর্থধাম দর্শন করতে আসবে। শুক্রবার রাত ১০ টা ২৭ মিনিটে তিথি শুরু হয়ে তীর্থ চলবে রবিবার রাত পর্যন্ত। তবে এই মেলার ব্যাপ্তিকাল থাকবে ৭ মার্চ বৃহস্পতিবার থেকে মাসব্যাপী। প্রতিবছরের মতো এবারও মেলার তিনদিনে এখানে দেশ-বিদেশের ১৫ থেকে ২০ লাখ পুণ্যার্থীর আগমন হবে ধারণা করে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বারবার বৈঠক করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে কলিযুগের মহাতীর্থ সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আনুমানিক হাজার বছরেরও আগে থেকে শুরু হওয়া শিব চতুর্দশীর পূণ্যতিথিতে লাখ লাখ ভক্তের পূজা-পার্বণকে ঘিরে চতুর্দশী মেলা শুরু হয়েছিল। প্রতিবছর এই মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের কর্মকর্তা, সাধু- সন্ন্যাসী ও লাখ লাখ দর্শনার্থীর পদভারে মুখরিত থাকে তীর্থভূমি। মেলার আয়োজকরা জানান, হিন্দুশাস্ত্রমতে দেবাধিদেব মহাদেব বলেছেন ‘কলিকালে আমি চন্দ্রনাথ চন্দ্র শেখরে অবস্থান করিব’। এই তীর্থ যিনি দর্শন করবেন তার আর পুনর্জন্ম হবে না, তিনি স্বর্গবাসী হবেন। এ বিশ্বাস থেকে সনাতন ধর্মাবলম্বীরা জীবনে একবারের জন্য হলেও মহাতীর্থ চন্দ্রনাথ ধামে ছুটে আসেন।
এ মেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান চন্দ্রনাথ তীর্থ কমিটির নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী। তিনি জানান, প্রতিবছর এ মেলাকে ঘিরে ভক্তদের আগমনে সীতাকুণ্ড মিলনমেলায় পরিণত হয়ে থাকে। তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ মেলা চলাকালীন সময় সার্বক্ষণিক সহযোগিতা করবে। তিনি বলেন, কথিত রয়েছে একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ পৃথিবীর সব তীর্থস্থান দর্শন করলেও অন্তত একবার যদি সীতাকুণ্ড তীর্থ ভূমি দর্শন না করে তাহলে তার তীর্থ দর্শন সম্পূর্ণ হয় না। তাই প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের ইচ্ছে থাকে জীবনে অন্তত একবার হলেও এ মহাতীর্থ দর্শনের। ফলে প্রতিবছর এই মেলায় লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী নর-নারী পুণ্যার্থী পুণ্য লাভের আশায় এই তীর্থ দর্শনে আসেন।

সৌমিত্র চক্রবর্তী আরও বলেন, মেলায় শতাধিক বিভিন্ন মঠ-মন্দির দর্শন করতে পারবে আগত তীর্থযাত্রীরা। মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ ধর্মীয় উৎসব শিবচতুর্দশীতে সীতাকুণ্ডে লাখ লাখ ভক্তের আগমন ঘটবে। এছাড়া অন্যান্য দিনও প্রচুর পুণ্যার্থী এখানে পুণ্যস্নান, তর্পণ শ্রাদ্ধানুষ্ঠানসহ বিভিন্ন মঠ-মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে পুণ্যলাভের উদ্দেশ্যে এখানে ছুটে আসেন। মেলায় স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত সনাতনী ও উন্নয়ন স্বেচ্ছাসেবক, সীতাকুণ্ড পৌরসভা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন বিভিন্নভাবে সহযোগিতা করবেন। এ মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক টহল দিবে এবং চন্দ্রনাথ এলাকার পুরোতীর্থ জুড়ে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। শিব চতুর্দশী মেলা সমাপ্তির ১৫ দিন পরে শুরু হবে দোল পূর্ণিমা মেলা। যদিও এটি সনাতন ধর্মাবলম্বীদের মেলা তবে এমেলার ব্যাপ্তি মাসব্যাপী হওয়ায় সব ধর্মের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এমেলা থেকে সংগ্রহ করে থাকেন। এছাড়া মেলা ছাড়াও বছরের প্রতিটি দিন প্রচুর পুণ্যার্থী এখানে পুণ্যস্নান, তর্পণ শ্রাদ্ধানুষ্ঠানসহ বিভিন্ন মঠ-মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে পুণ্যলাভের উদ্দেশ্যে ছুটে আসেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, শিব চতুর্দশী মেলা হাজার বছরের প্রচীন ঐতিহ্যবাহী একটি মেলা। এ মেলাকে কেন্দ্র করে এখানে দেশ- বিদেশের লাখ লাখ ভক্তের আগমন ঘটে। মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া পুরো চন্দ্রনাথ মন্দির পর্যন্ত সিসি টিভির আওতায় আনা হয়েছে। তাই ৭ মার্চ থেকে শুরু হয়ে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে. এম রফিকুল ইসলাম বলেন, আগামি ৭ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শুরু হতে যাচ্ছে। সে সংক্রান্তে পূর্বপ্রস্তুতিমূলক জেলা ও উপজেলা পর্যায়ে মিটিং সম্পন্ন করা হয়েছে। মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী উক্ত মেলাকে পরিচালনা ও সম্পন্ন করতে কয়েকটি উপ- কমিটি গঠন করা হয়েছে । মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন এবং এ এসপি সার্কেল (সীতাকুণ্ড) নায়হানুল বারী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। মেলায় দেখভাল করার জন্য দু’জন এক্সিকিউটিভ জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। পুণ্যার্থীদের সুবিধার্থে পানির সু-ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ টয়লেট বিশ্রামাগারসহ মহিলাদের আলাদা স্নানাগারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি, শিবচতুর্দশী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হবে ।
