চট্টগ্রামের জিইসির মোড় এলাকায় অবস্থিত অভিজাত পেনিনসুলা আবাসিক হোটেল থেকে পোল্যান্ডের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) দুপুরে হোটেলটির ৯০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেলের নথিতে উল্লেখ আছে, মৃতের নাম- জজলো মাইকেল সিজারবেয়া (৫৮)। কর্মস্থল হিসেবে নগরীর সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসের নাম উল্লেখ আছে।
পুলিশ জানিয়েছে, পোল্যান্ডের ওই নাগরিকের মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন দেখা গেছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয় যে, ৯০৫ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া মিলছে না। খবর পেয়েই আমরা এখানে আসি। দরজা খুলে ভেতরে প্রবেশ করার পর তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া গেছে।
