চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টায় জি৯-৫২৬ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন তারা।
আটক দুই যাত্রী হলেন- চট্টগ্রামের পটিয়ার উপজেলার মো. শফিকুল ইসলাম ও হাটহাজারী উপজেলার মো. মোরশেদ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, সকালে জি৯-৫২৬ ফ্লাইটে বিমানবন্দরে আসার পর জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা যৌথভাবে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করেন। এসময় দুইজনের ব্যাগেজে থাকা ব্র্যান্ডিং মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। দুইজনের কাছে দুটি ব্র্যান্ডিং মেশিনের ভেতর এক কেজি ১১৪ গ্রাম করে মোট ২ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। আটক দুই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
