চন্দনাইশে গরু চুরিতে বাধা দেয়ায় চোরের দলের গুলি বর্ষণে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। তার মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি ) ভোর রাতে উপজেলার জোয়ারা ইউনিয়নের ফতেনগর এলাকার শিকদার বাড়ী হাজী রিয়াজুদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান , কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী একটি চোরের দল কালো রংয়ের হাইচ নিয়ে উপজেলার ফতেনগর শিকদার বাড়ীর হাজি রিয়াজউদ্দিন কাঞ্চনের বাড়ীর বাউন্ডারির মূল ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে গোয়ালঘরের তালা কেটে গরু চুরির চেষ্টাকালে চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিকের শোর চিৎকারে আশে পাশের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে চোরেরা তিনটি কালো রংয়ের শর্টগান দিয়ে ৪-৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এ ঘটনায় ৫ জন আহত আহত হয়।
আরও পড়ুন হাটহাজারীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এ সময় গুলির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়।
আহতরা হলো, একই এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোহাম্মদ আরাফাত (২৭), মোঃ ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইব্রাহিম সায়মন (৫৮), সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (১৯), আব্দুল মবিনের ছেলে মঈনুদ্দিন মিনার(২২), আব্দুল বারেকের ছেলে রবিউল হাসান।
আরও পড়ুন চন্দনাইশে প্রবাসীর ঘর চুরি, ৩ লাখ টাকার মালমাল লুট
আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনের অবস্থা আশংকাজনক দেখে আরাফাত, রবিউল এবং সাজেদুল ইসলাম কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি ( তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দ্রুত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ও জানান তিনি।
