বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মো. সামির (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত সামির চরণদ্বীপ ৩ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়ার মো. লোকমানের ছেলে। চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আকতার।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সামির নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। মামার সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় সামির। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
