নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের সতর্ক করতে চাই। এবারের নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ। ঈগল আকাশে ২১ দিন টানা উড়তে পারে।
এ সময়ের মধ্যে সে এমন শিকার খোঁজে যা মিস হবে না। যখন সে তা পায় তখনই ছো মেরে হানা দেয়। আমাদের দেশের মানচিত্রের উপর ঈগল উড়ছে। ওরা চায় ফিলিস্তিনের গাজার মতো দেশকে বানাতে। তাদেরকে আমাদের ঠেকাতে হবে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার পিলকুনি পাঁচতলায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। কোন বাড়িতে সুন্দরী মেয়ে ছিল পাকিস্তানিরা জানত না। এই জামায়াত এগুলো চিনিয়ে দিয়েছে। তাদের নিয়েই বিএনপি মাঠে নেমেছে। ৩০ লাখ মানুষের রক্ত দিয়ে এ দেশটা স্বাধীন করা হলো।
তিনি বলেন, আমি এ পর্যন্ত কোথাও যেয়ে বলিনি আমাকে ভোট দেন। আমি মনে করি আমি যতটুকু বুঝি আপনি তার চেয়ে কম বোঝেন না। আমি রাজনীতিতে ধান্ধা করতে আসিনি। রাজনীতিবিদরা যদি সত্যি না বলে তাহলে কথা বলা উচিত না। আর সাংবাদিকেরা যদি সত্যি লিখতে না পারে তাহলে লেখা উচিত না।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রয়োজন আছে। আমাদের নারায়ণগঞ্জের ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কেউ পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কেউ পায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
এত দূরে ছেলেমেয়েদের পাঠাতে হবে বলে বাবা-মায়েরা তাদের লেখা-পড়া বন্ধ করে দেয়। এই কথা চিন্তা করেই নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করছি। অবশেষে পার্লামেন্টে বিল পাস হয়েছে। এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। আমি চাই আমাদের বাচ্চারা ভালো থাকুক।
এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
