গত ০৩ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (মূল) এর বিছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন সমর্থিত হিল ভয়েস নামক একটি নিউজ পোর্টাল হতে সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট গুজব প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
সোমবার (৪ ডিসেম্বর ) সেনাবাহিনীর এক প্রেস নোটে এই অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয় নিউজ পোর্টালটি কাপ্তাই উপজেলার রাইখালীতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম গ্রামবাসীর ঘর ঘেরাও ও তল্লাশী শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর প্রচার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ করা হয় যে, সেনাবাহিনীর টহল কর্তৃক রাইখালীর জগনাছড়ি পাড়ার উপজাতি ব্যক্তি অংপ্রু মারামা’র বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র তছনছ ও গালিগালাজ করা হয়। বিষয়টির ব্যপারে স্থানীয় রাইখালীর ইউপি চেয়ারম্যান মংক্য মারামা, হেডম্যান উসুয়েউসুয়ে চৌধুরী (মিশুক) এবং সাগর মেম্বারের সাথে যোগাযোগ করে জানা যায়, সেনাবাহিনী কর্তৃক উক্ত এলাকায় এই ধরনের কোন ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনী উল্লেখিত এলাকায় নিয়মিত টহল গমন করে স্বাভাবিকভাবে ক্যাম্পে ফেরত চলে আসে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, রাইখালীর জগনাছড়ি এলাকার মংপ্রু মারমা, আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (মূল) এর সাথে জড়িত একজন সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী। উক্ত ব্যক্তি নিজ বাড়িতে অবস্থান না করে জেএসএস (মূল) এর সশস্ত্র গ্রুপের হয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। জানা যায়, জেএসএস (মূল) এর সশস্ত্র গ্রুপ সমর্থিত হিল ভয়েস নামক নিউজ পোর্টালটি দেশের বাহিরে অবস্থান নিয়ে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত নিরাপত্তা বাহিনীসহ রাষ্ট্র বিরুধী মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে থাকে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ পোর্টালটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা গুজব প্রচার করে রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্ট করাসহ জেএসএস মূল সমর্থিত প্রার্থীর পক্ষে সুবিধা আদায়ের জন্য এই ধরনের অনৈতিক কর্মকান্ড করছে বলে সাধারণ জনগণ সূত্রে জানা যায়।
