রাজধানীতে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় ১৬৭ জনকে নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি মুরাদ চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা ও রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা রয়েছে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন চট্টগ্রামের যুবদল নেতা মুরাদ চৌধুরী। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সোমবার নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
