ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোজাম্মেল হক চৌধুরী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) আনিষ্ঠানিক ভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। মোজাম্মেল হক বিদায়ী ইউএনও সাব্বির রাহমান সানির স্থলাভিষিক্ত হয়েছেন।
নির্বাহী অফিসার হিসাবে যোগদানের আগে তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এবং আগ্রাবাদ রাজস্ব সার্কেলে দায়িত্ব পালন করেন।
নবাগত ইউএনও মোজাম্মেল হক স্থানীয় সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মোংলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর বিসিএসে উত্তীর্ণ হণ।
সাভার বিপিএটিসিতে বুনিয়াদি প্রশিক্ষণ, বিসিএস প্রশাসন একাডেমি হতে আইন ও প্রশাসন কোর্স সমাপ্ত করেন। দেশের বাইরে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে গুড গভর্নেন্স বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
মোজাম্মেল হক ১৯৮৮ সালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাহমুদুল হক চৌধুরী একজন বীরমুক্তিযোদ্ধা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
