আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সকল প্রার্থীকে জয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ টানেলের যুগে প্রবেশ করছে। এটি দেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল কেইপিজেড মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন,আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতা বা নাশকতার চেষ্টা করে তাহলে কঠোর হাতে তা দমন করা হবে।
তিনি আরো বলেন, টানেল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক জনসভায় রুপান্তরিত হবে বলে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের পদচারণায় ভরে উঠবে পুরো জনসভাস্থল। যেহেতু সামনে নির্বাচন তাই জনসভা থেকে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলেও জানান তিনি।
এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউল হক, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীসহ কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২৮ অক্টোবর শনিবার কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে আনোয়ারার কেইপিজেড মাঠের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
