দ্বিতীয় ওয়ানডেতে টস জিতলেন লকি ফার্গুসন। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
স্বাগতিকদের একাদশে আনা হয়েছে জোড়া পরিবর্তন। বাইরে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার তানজিম হাসানকে। ওয়ানডে অভিষেক হচ্ছে সৈয়দ খালেদ আহমেদের। একাদশে ফিরেছেন আরেক পেসার হাসান মাহমুদ।
এই সংস্করণে বাংলাদেশের ১৪৬তম ক্রিকেটার খালেদ। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৪৭ ম্যাচে তার শিকার ৬৪ উইকেট। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি ৮ ম্যাচে নেন ১১ উইকেট।
খালেদের অন্তর্ভুক্তিতে এই ম্যাচের একাদশে ৫ জন বিশেষজ্ঞ বোলার পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪ বিশেষজ্ঞ বোলারের সঙ্গে হাত ঘোরান মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
নিউ জিল্যান্ডের একাদশ অপরিবর্তিত।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ।
নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোজ, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
