আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও তা বানাবে বলে ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইবনে সৌদ।
বুধবার ফক্স টেলিভশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা যদি একটি তৈরি করে, আমরাও একটি তৈরি করব।
নামের অদ্যাক্ষর এমবিএস দিয়েই বেশি পরিচিত মোহাম্মদ সৌদি আরবের যুবরাজ হলেও কার্যত তিনিই এখন দেশ চালাচ্ছেন। এর আগেও একই ধরনের কথা বলেছিল সৌদি আরব। তার পুনরুক্তি করে পারস্য উপসাগরীয় প্রতিবেশীকে আবারও সতর্ক করলেন এমবিএস।
ইরান দাবি করে আসছে, পারমাণবিক বোমা বানানোর কোনো কর্মসূচি তাদের নেই, বরং তাদের লক্ষ্য পারমাণবিক শক্তির ‘শান্তিপূর্ণ ব্যবহার’।
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে চুক্তিও করেছিল ইরান।
কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দেশকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে পরিস্থিতি বদলে যায়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে মাত্রার বিষয়ে ইরান সম্মত হয়েছিল, তা লঙ্ঘন করতে শুরু করে তারা।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তবে আঘোষিত। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক দ্রুত ‘স্বাভাবিক’ হওয়ার পথে আছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ।
