পাবনা থেকে চট্টগ্রামে আসা একটি বাস থেকে ‘ক্রিস্টাল মেথ (আইস) সদৃশ’ কিছু উপাদান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে পাঁচ যাত্রীকেও আটক করা হয়েছে।
বিজিবি ৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাবনা থেকে চট্টগ্রামে আসা ওই বাসে মাদক আসছে বলে খবর ছিল তাদের কাছে।
তল্লাশির সময় একটি ব্যাগের ভেতর থেকে ‘আইস সদৃশ’ উপাদানগুলো জব্দ করা হয়। যেগুলোর ওজন আনুমানিক এক কেজি।
বিজিবি কর্মকর্তা মিনহাজ বলেন, ব্যাগটির মালিক কে তা কেউ স্বীকার করেনি। তাই জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে।পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
