বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
ভারতের নয়াদিল্লিতে রোববার জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে বলা হয়, দুই নেতার এই বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশে উল্লেখযোগ্য অর্জনে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের প্রশংসা করেন সৌদি যুবরাজ।
পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এবং এসিইউডব্লিউএ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগে যুবরাজ সালমান সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ২৮ লাখ প্রবাসী বাংলাদেশি কঠোর পরিশ্রম করে সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হতে সৌদি আরবের রিয়াদকে সমর্থন দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সালমান।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বিভিন্ন সামাজিক সংস্কার শুরু হওয়ায় এবং বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক সাফল্য অর্জন করায় সৌদি যুবরাজকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি যুবরাজ মোহাম্মদকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।
যুবরাজ সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।
