রাউজান ও হাটহাজারী অংশে হালদা নদীর শাখা খালে ডিঙ্গি নৌকা উল্টে নিখোঁজে সাহেদ হোসেন বাবুর (৩২) মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ৷
বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে হালদা নদীর ছায়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।
তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম।
নিহত ব্যবসায়ী সাহেদ হোসেন বাবু উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এস এম ইউসুফের ছেলে।
জানা যায়, গত ৭ আগস্ট (সোমবার) নিজ বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে নিজের খামারে গিয়েছিলেন সাহেদ। সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে শাহেদ আরও চারজন সঙ্গীসহ সন্ধ্যায় ডিঙ্গি নৌকাযোগে ফেরার পথে প্রবল স্রোতে বাড়িঘোনা-উরকিরচর লোহার ব্রিজের পাঠাতনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এসময় তিনজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও সাঁতার না জানায় সাহেদ পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে তার সন্ধানে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তল্লাশি শুরু করেন। অবশেষে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর বুধবার ভোর রাতে তার মরদেহটি উদ্ধার করা হয়।
গতকাল ৮ আগস্ট (মঙ্গলবার) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার জন্য পুলিশ, ডুবুরি দল, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছিলেন তিনি।
সকাল ১১ টায় নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ ও দুপুর ২টায় উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
