চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, এদিন কারো মৃত্যু হয়নি। এতে করে জেলায় বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২৭ জনে। মারা গেছেন মোট ২২ জন।
আজ সোমবার (২৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮৩ জন।
এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৬ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছেন।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮৪৪ জন।
