যশোর-মাগুরা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালকসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরা হলেন, ইজিবাইকের যাত্রী বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের ফাহিমা খাতুন (৬০), খাদিজা (৬), তার দুই সহোদর হাসান (২) ও হোসেন (২) এবং অজ্ঞাত আরও একজন। নিহত বাকি দুইজন হলেন, যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭) ও একই গ্রামের আনোয়ারা (৭০)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ ৭ জন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
