আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বক্তব্য দিয়েছে।
বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে- অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।
সব দলকে নির্বাচনমুখী করাই হবে নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। এক্ষেত্রে তারা কতটা সফল হন, এটাই এখন দেখার বিষয়। আগামী নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের হাতে খুব বেশি সময় নেই। এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করতে হবে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, দেশের মূল্যস্ফীতির পেছনে ভূ-অর্থনৈতিক প্রভাব যতটা না কাজ করছে, এরচেয়ে বেশি কাজ করছে অসাধু সিন্ডিকেটদের নৈরাজ্য। কাঁচা মরিচ, আলু, ডিম ইউক্রেন বা রাশিয়া থেকে আসে না।
তাহলে এগুলোর দাম বাড়ায় কে? সরকারের সুষ্ঠু নজরদারি আর দৃঢ় পদক্ষেপের অভাবে খুচরা ব্যবসায়ীরাও অযৌক্তিক দামে পণ্য বিক্রি করছেন। অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে প্রতিটি ভোগ্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
এসময় রওশন এরশাদ মূল্যস্ফীতি কমিয়ে আনতে সরকার আরও আন্তরিক হবে বলে প্রত্যাশা করেন।
