চট্টগ্রামের লোহাগাড়ায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নিগার বিশ্বাস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা অংশে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালীবাড়ি এলাকার শিমুল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটি রাস্তা পার হচ্ছিল। এসময় কক্সবাজার অভিমুখী একটি তেলবাহী ট্যাংকার দ্রুত গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি। পরে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গাড়িটি আটক করে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
