প্রতিদিনের মত সকালে স্নান করতে নেমে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে পটিয়ায়।
সোমবার (২৬ জুন) সাড়ে ৬টার সময়ে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রুমা দে (৪৫)। তিনি পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দে ‘র সহধর্মিণী।
জানা যায়, সোমবার আনুমানিক সাড়ে ৬টার সময়ে সুচক্রদন্ডী প্রাইমারি স্কুলের পাশে রাজন ডাক্তারের বাড়ির পিছনে নতুন পুকুরে পুকুরে স্নান করতে যান রুমা দে। এসময় মৃগী রোগাক্রান্ত হয়ে তিনি পানিতে তলিয়ে যান। তিনি পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। এসময় তাকে উদ্ধার করতে পটিয়া ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করেও ব্যর্থ হন। পরে চট্টগ্রাম শহরে ডুবুরি দলকে খবর দেয়া হয়। এসময় যৌথভাবে খোঁজ শুরু হলে পৌনে ৯টা নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয়। বিষয়টা জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইইঞ্জিনিয়ার রুপক কুমার সেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় আরো উপস্থিত ছিলো পটিয়া থানা পুলিশের একটি টিম।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে উদ্ধারকৃত মহিলাটি মৃগী রোগী ছিলেন। সাধারণত মৃগী রোগীদের পুকুরে গোসল করা নিষেধ। অনেক সময় পুকুরের আশেপাশে থাকাও মৃগী রোগীদের জন্য বিপদজনক।
