চট্টগ্রাম নগরীর জামালখানে মুক্তিযুদ্ধের ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক বাকলিয়া ১৮ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব সিদ্দিকী (৩৫),সাবেক বাকলিয়া ১৮নং ছাত্রদলের ৪নং ইউনিটের সভাপতি মো. এরফান(৩০), বাকলিয়া ১৮নং ওয়ার্ড যুবদলের কর্মী নুরুল ইসলাম প্রকাশ মাসুম (৩৯), চান্দগাঁও থানা যুবদলের কর্মী মো. ইমন খান (২০), বাকলিয়া ১৮নং ওয়ার্ড যুবদলের কর্মী মো. মহিউদ্দিন হাসান ইমন (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গ্রেপ্তার পাঁচজনই যুবদলের কর্মী। কাজীর দেউড়ির বিএনপির ডাকা ‘তারুণ্যের সমাবেশে’ যোগদানের উদ্দেশ্যে চান্দগাঁও ও বাকলিয়া এলাকার নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে আসার পথে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে। এছাড়া জামালখান এলাকায় ভাঙচুর করে কাজীর দেউড়ির দিকে অগ্রসর হয়। তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
