চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ডাকাতচক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব-৭।
শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, মো. ইমরান হাসান, মো. রুবেল, মো. শফি ওরফে মিজান, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া ওরফে আরমান, কিল্টন দে ও কায়সার হামিদ।
র্যাব জানায়, আটকদের কয়েকজন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে বিদেশফেরত লোকদের টার্গেট করে। এরপর টার্গেট করা ব্যক্তিরা বের হলে নির্জনস্থানে তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে নেয়। একই সঙ্গে তাদের পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে টাকা দাবি করে। এছাড়া চক্রটি চট্টগ্রামের বিভিন্ন রুটে চালকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে। আবার রমজান মাসে বেশি টাকা নিয়ে চলাফেরা করা লোকদের টার্গেট করে নির্জন স্থানে সর্বস্ব লুট করে নিত দলটি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো, নূরুল আবছার জানান, আটকের পর জিজ্ঞাসাবাদের চক্রের সদস্যরা ডাকাত ও ছিনতাই কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
