চট্টগ্রাম নগরীর পাহাড়তলী লোকোশেডে রেলের স্লিপার কাঠভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ট্রাকটি জব্দ করা হয়। তবে, কাঠগুলো কার তা শনাক্ত করা যায়নি।
রেল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে পাহাড়তলী লোকোশেডে ঢোকে একটি ট্রাক। ওই ট্রাকে স্লিপার কাঠ ভর্তি ছিল। রেলের একজন কর্মচারী পূর্বাঞ্চলের রেলের বিভাগীয় প্রকৌশলী এম এ হাসান মুকুলকে বিষয়টি জানান। হাসান মুকুল তৎক্ষণাৎ ট্রাকটিকে আটক করার নির্দেশ দেন। পরে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রাকভর্তি রেলের পুরাতন স্লিপার কাঠ। যেগুলো ভাটিয়ারি এলাকা থেকে ভর্তি করে এখানে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত এটির সঙ্গে কারা জড়িত, তা বের করা সম্ভব হয়নি।
আরএনবি পাহাড়তলীর পরিদর্শক ইসরাঈল মৃধা বলেন, বৃহস্পতিবার রাতে ট্রাকটি জব্দের পর আরও চার ট্রাক সমপরিমাণ কাঠ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, চুরি করে কাঠগুলো মজুত করা হচ্ছিল। এ ঘটনায় খুলশী থানায় মামলা হবে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
