চট্টগ্রামের রাউজান থেকে নিখোঁজের ৫দিন পর নুর মোহাম্মদ (৬০) নামের এক দুবাই ফেরত প্রবাসীর লাশ হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পাশের খাটাকালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুর মোহাম্মদ রাউজান পৌরসভার পশ্চিম গহিরা ১নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে স্লুইস গেট এর পাশে লাশটি দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে দুপুরে লাশ উদ্বার করে পুলিশ।
নিহতের শ্যালক মুহাম্মদ রিপন জানান, আমার দুলাভাই দীর্ঘ ৪০ বছর যাবত প্রবাসে থাকেন। গত ফেব্রুয়ারিতে তিনি দেশে আসেন। আমার জানামতে তার সাথে কারো ঝামেলা নেই।
নিহতের কলেজ পড়ুয়া ছেলে ইসমাম নুর বলেন, বাবার সাথে কারো শুত্রুতা ছিলনা। তবে লাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুন করা হয়েছে। আমার বাবা যদি খুন হয়ে থাকেন তাহলে এর সুষ্ঠ বিচার চাই আমি।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সন্ধায় ইফতারের পর নিখোঁজ হন নুর মুহাম্মদ। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধান না পেলে ২৮ মার্চ রাউজান থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
