চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি চোরাই মোটরসাইকেলসহ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার মৃত ধনঞ্জয়ের ছেলে মিঠন ধর (২৯), সন্দ্বীপ উপজেলার আব্দুল বাতেনের ছেলে মো. বাবর ওরফে বাবুল (৩৫), একই উপজেলার মো. শাহজাহানের ছেলে মো. শাহেদ (২৬) ও মৃত নুরুল আলমের ছেলে মো. রিপন (৪০) এবং লোহাগাড়া উপজেলার নুরুল আব্বাসের ছেলে মো. খোরশেদ আলম (২৯)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, গতকাল শনিবার রাতে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের রাস্তা থেকে মিঠন ধর ও বাবর নামে (মোটরসাইকেল চুরির মূলহোতা) দুইজনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে জানায়, সহযোগী মো. শাহেদ, মো. রিপন, মো. খোরশেদ আলম, মো. দিদার হোসেন, মো. নজরুলের সাহায্যে নগরী ও বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সন্দ্বীপ ও কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা। তাদের দেওয়া তথ্যে রাতে সন্দ্বীপে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর মো. শাহেদ ও মো. রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে তাদের আরও দুই সহযোগী মো. দিদার হোসেন ও মো. নজরুল ইসলাম প্রকাশ তাহের ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে মিঠনের দেওয়া তথ্যমতে- খোরশেদ আলমকে ব্রিজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ ভোরে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামি মিঠন ধরের বিরুদ্ধে লোহাগাড়া ও সাতকানিয়া থানায় তিনটি চুরির মামলা, বাবরের বিরুদ্ধে কোতোয়ালী ও খুলশী থানায় দুটি মোটরসাইকেল চুরির মামলা ও মো. খোরশেদ আলমের বিরুদ্ধে বাঁশখালী থানায় মোটরসাইকেল একটি চুরির মামলা রয়েছে।
