কক্সবাজারের মহেশখালীতে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মোছাম্মৎ আশেকান (১৮) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোছাম্মৎ আশেকান মহেশখালীর সাইরার ডেইল গ্রামের জনৈক মো. হোছাইনের কন্যা।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের সাথে অভিমান করে শনিবার বিকেল ৩টায় নিজ বাড়ীতে গলায় ফাঁস দেয় সে। আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বাকিটা জানা যাবে।
