ভারতের গুজরাট প্রদেশের মরবিতে একটি ঝুলন্ত সেতু ধসে অন্তত ৯১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অসংখ্য মানুষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
আজ রবিবার (৩০ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে এক বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, সেতুটি ধসে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন ছিলেন। এখনো প্রায় ১০০ জন পানিতে আটকা পড়ে আছে।
জানা যায়, মোরবি সেতুটি বহু বছর আগে নির্মিত একটি ঐতিহাসিক কাঠামো। মেরামত এবং সংস্কারের পর মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে তা পুনরায় চালু করা হয়।
গুজরাটের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রাও এতে যোগ দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গেও কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
এছাড়া, রাজ্য সরকার নিহতের পরিবারকে ৪ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেবে।
