সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে যাওয়ায় ১৫ জেলেকে আটক করে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার টং জাল এবং ১৫টি বরফের ক্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর)বিকালে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর যৌথ উদ্যোগে বঙ্গোপসাগরের কুমিরা-সন্দ্বীপ চ্যানেলে এ অভিযানে পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোষ্ট গার্ড কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার তপন সরকার এবং কুমিরা নৌ-পুলিশের ওসি বিদ্যুৎ বড়ুয়া।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সাগরে ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে কিছু কিছু জেলে মাছ শিকার করছিলো। বৃহস্পতিবারও এরকম শিকারের খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করলে হাতে নাতে মাছ শিকারের প্রমাণ পেয়ে ১৫ জেলেকে আটক ও তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত বরফের ক্যান বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করায় ১৫ জেলেকে আটকের পাশাপাশি জরিমানা করেছি এবং কিছু মালামাল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে।
