নিখোঁজের ৩ মাস ১৩ দিন পর উদয় দেবনাথ পাপন ওরফে রাহুল (১৪) নামের এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব-৭।
সোমবার (১ আগষ্ট) দুপুর ১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে অসুস্থ বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কিভাবে ছিলো কিছুই বলতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৭।
উদ্ধারকৃত কিশোর চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উজ্জ্বল প্রসাদ দেবনাথের ছেলে। সে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।
র্যাব জানায়,গত ২৪ এপ্রিল কিশোরটির বাবা র্যাব-৭ চট্টগ্রাম এ অভিযোগ করেন, তার ছেলে গত ১৮ এপ্রিল অনুমানিক সকাল ৮ টার দিকে বাসা থেকে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ সংক্রান্তে একটি ডাইরী করেন যার ডাইরী নং-৮৭২ তারিখ-১৯ এপ্রিল ২০২২ ইং।
উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করে এবং নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম আজ ১ আগষ্ট (সোমবার) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলংকার বাসষ্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ উদয় দেবনাথ পাপন ওরপে রাহুল (১৪) কে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তার পরিবারে সংবাদ দিলে সেখানে তার বাবা-মা উপস্থিত হয়ে তাদের ছেলেকে শনাক্ত করেন। পরে উদ্ধারকৃত ভিকটিম উদয় দেবনাথ পাপন ওরফে রাহুল(১৪) কে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে।
