ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দিনের পর দিন যানজটে পড়ে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও বারআউলিয়া এলাকাসহ উপজেলার অধিকাংশ স্থানে মহাসড়কের পাশে গঠে উঠেছে অসংখ্য ছোট বড় শিল্প কারখানা, ট্রাক টার্মিনাল ও কন্টেইনার ডিপো। এসব প্রতিষ্ঠানের গাড়িগুলো অধিকাংশ সময় দখল করে রাখে দেশের লাইফ লাইন খ্যাত সীতাকুণ্ড অংশের মহাসড়ক। ফলে নিত্যদিন যানজটে ভুগতে হয় চট্টগ্রাম শহরে আসা-যাওয়া সাধারণ যাত্রীসহ স্থানীয়দের।
মঙ্গলবার বেলা ১১টায় কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইটের সন্মুখে এলাকার শতশত মানুষ মহাসড়কের পাশে অবৈধ পার্কিং ও যানজট থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সাবেক জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, আব্দুল মতিন, হারুনুর রশিদ, সোহেল মেম্বার,রাশেদ সহ প্রমুখ।
বক্তারা বলেন,যানজট থেকে পরিত্রাণ পেতে বর্তমান আওয়ামী লীগ সরকার মহাসড়ক ৪ লেনে উন্নীত করেন। কিন্তু এই এলাকার মানুষ দিনের পর দিন অসহনীয় যানজটের ভোগান্তিতে পড়ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের এই স্থানের এসে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এতে করে প্রতিদিন যানজটে পড়ে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা।
মানববন্ধনে বক্তারা উপজেলা প্রশাসন বরাবর ৫টি প্রস্তাবনা বাস্তবায়নের আহবান জানান। এসব প্রস্তবনায় রয়েছে বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে নিরবিচ্ছিন্ন যানজট মুক্ত রাখতে হবে। কন্টেইনার ডিপো, ট্রাক টার্মিনাল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনে কোন গাড়ি অবৈধভাবে পার্কিং করতে পারবেনা। সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে প্রত্যোক কন্টেইনার ডিপো এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব স্বেচ্ছাসেবী নিরাপত্তাবাহিনী নিয়োগ করতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধভাবে গড়ে উঠা সকল প্রকার ট্রাক টার্মিনাল উচ্ছেদ করতে হবে এবং ডিপোগুলোর সামনে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ফুট ওভার ব্রীজ স্থাপন করতে হবে।
