দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু গত শনিবার (২৫ জুন) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর ছয়টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।
সেতু খুলে দেওয়ার প্রথম দিনেই রোববার (২৬ জুন) ঢল নামে মোটরসাইকেলের। এতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সেতু বিভাগ থেকে রোববার (২৬ জুন) রাতে এই নির্দেশনা জারি করা হয়। সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
সেতু বিভাগ ও প্রকল্পের সূত্রগুলো জানায়, প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এর ৬০ ভাগের বেশি ছিল মোটরসাইকেল। মোটরসাইকেল চালক ও যাত্রীদের অনেককেই সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও আড্ডা দিতে দেখা গেছে। এর ফলে সেতুতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। একটি মোটরসাইল দুর্ঘটনা ঘটেছে বলেও তারা জানতে পেরেছেন। এছাড়া সেতুতে ভ্রমণের জন্য অনেক মোটরসাইকেল বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন বলেন, সোমবার সকাল থেকে পদ্মা সেতুর ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেতু ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহলে থাকবে সেনাবাহিনী। গাড়ি থামালে এবং গাড়ি থেকে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা হবে গাড়ি।
এদিকে রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়। পরে ঢামেক হাসপাতালে মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
