চট্টগ্রামের অভয় মিত্র ঘাট এলাকায় সাঁতার না জানায় কর্ণফুলীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পিয়ন দাস (১৪) নামে এক কিশোর মারা গেছে।
আজ শুক্রবার (১৩ মে) বিকাল সাড়ে ৬টার দিকে অভয় মিত্র ঘাটের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ন দাস নগরের পাথরঘাটা এলাকার গঙ্গাবাড়ি গোবিন্দ দাসের ছেলে। সে নাসিরাবাদ গর্ভমেন্ট হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। গোবিন্দ দাস ইপিজেটের একটি গার্মেন্টসে ২ বছর আগে কর্মরত ছিলেন।
নিহতের চাচা প্রদীপ দাস বলেন, পিয়ন দাস সাঁতার জানতো না। চারজন বন্ধু মিলে নদীতে স্নান (গোসল) করতে গেলে বাকিরা উঠে আসলে ও উঠে আসতে পারে নি পিয়ন দাস।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, খেলার পর নদীতে গোসল করতে গেলে সাঁতার না জানার কারণে মুখে পানি ঢুকে গেলে পিয়ন দাস মারা যায়। বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে আছে।
