হাটহাজারীতে জায়গা জমির বিরোধের জেরে মামা মুছাকে নৃশংশসভাবে হত্যার ১০দিন পর হত্যা মামলার ২নং আসামী ভাগিনা শাহজাহানকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার (৩০ এপ্রিল) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন ধুরুং (প্রত্যান্ত দ্বীপ অঞ্চল) সাগরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি অভিযানিক দল।
গ্রেফতার শাহজাহান উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুলবুলি পাড়ার মৃত ফুল মিয়া (প্রকাশ) আব্দুল মালেক এর পুত্র।
র্যাব জানায়, নিহত মুছা এবং তার সৎ ভাগিনা শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলছিলো। এ বিষয়ে মুছার সৎ ভাগিনা একটি মামলা করলে উক্ত মামলায় মুছা ছয় মাসের জেল ভোগ করেন। পরে মুছা ৮ই মার্চ ছয় মাসের হাজতবাস শেষে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসার পর থেকে তার সৎ ভাগিনা শাহজাহান ও তার ভাইয়েরা মুছাকে মেরে ফেলার হুমকি ধমকি দিতে থাকে। পরবর্তীতে ১৯ এপ্রিল রাতে মুছা সিএনজি অটো রিক্সা চালিয়ে বাড়ী ফেরার পথে ওঁৎ পেতে থাকা ভাগিনা শাহজাহানসহ তার অপর সহযোগী মিলে পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দা ও কিরিচ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
র্যাব আরও জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় ছয় জন আসামীর নাম উল্লেখ করে ও ৩জনকে অজ্ঞাত নামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি চাঞ্চল্যকর ও লোহমর্ষক হওয়ায় জড়িতের গ্রেফতারের জন্য র্যাব-৭ চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করে ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। পরে র্যাবের একটি অভিযানিক দল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন ধুরুং (প্রত্যান্ত দ্বীপ অঞ্চল) সাগরপাড় এলাকা থেকে হত্যা মামলার ২নং আসামী ভাগিনা শাহজাহানকে (৫২) গ্রেফতার করে।
এ জঘন্যতম হত্যা কান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও অন্যতম পরিকল্পনাকারী ছিলো বলে অকপটে স্বীকার করেন শাহজাহান। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটক শাহজাহানকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত (১৯ এপ্রিল) মঙ্গলবার রাত সাড়ে দশটায় জায়গা জমির বিরোধের জেরে মোহাম্মদ মুছা (৩৫) নামে এক ব্যাক্তি খুন হয়। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলি পাড়ার ৪ নম্বর ওয়ার্ডের বাচা মিয়া সওদাগরের বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিক্সাচালক।
