মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত করে রোববার চট্টগ্রামে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২২।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চম্বরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে ২০ ফেব্রুয়ারি থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চম্বরে শুরু হচ্ছে এ অমর একুুশে বই মেলা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
১ লাখ ৩০ হাজার বর্গফুটে ২৫টি ডাবল ও ৭০টি সিঙ্গেল স্টল থাকবে।মেলা মঞ্চে প্রতিদিনই নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মেলার প্রতিদিনের আলোচনা সভায় বিচিত্র বিষয়ের সমাহার ঘটানো হয়েছে।
এবারের মেলায় অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- মাতৃভাষা দিবস, লোক উৎসব, রবীন্দ্র উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বিতর্ক উৎসব, নজরুল দিবস, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, মরমী উৎসব, আবৃতি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, লেখক সমাবেশ উৎসব, যুব উৎসব, পেশাজীবি সমাবেশ, ঐতিহাসিক ৭ মার্চের আলোচনানুষ্ঠান, ছড়া উৎসব, চাটগাঁ উৎসব অনুষ্ঠিত হবে, সমাপনী অনুষ্ঠান- ১০ মার্চ। দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন। তবে কোভিডের কারণে সচেতনভাবে অনুষ্ঠান সূচি উদযাপন করা হবে। এজন্য মেলার প্রবেশ মুখে থাকবে করোনা প্রতিরোধক বুথ।
এছাড়াও রয়েছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্ণার। লেখক আড্ডাসহ নারী লেখক কর্ণার, শিশু কর্ণার এবং ওয়াইফাই জোন। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গন সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে। কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ চেয়ার।
সংবাদ সমেলনে উপস্থিত ছিলেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, গবেষক জামাল উদ্দিন, কবি অভীক ওসমান, কবি কামরুল হাসান বাদল, সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।
