চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিভিল সার্জনের স্ত্রী ডা. লুবনা আহত হয়েছেন। তাকে পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডা. সাজেদুর রহমান সুস্থ আছেন। স্ত্রীকে হাসপাতালে রেখে তিনি নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্বে যোগ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডা. সাজেদুর রহমান ও তার স্ত্রী একটি অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছিলেন। অ্যাম্বুলেন্সটি কুমিরা ইউটার্ন এলাকায় পৌঁছালে অলংকার থেকে সীতাকুণ্ডগামী ৮ নম্বর মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের কাচ ভেঙে ডা. লুবনা আহত হন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, সোমবারই চট্টগ্রাম জেলা সিভিল সার্জন হিসেবে ডা. সাজেদুর রহমানের প্রথম কর্মদিবস ছিল। নতুন কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে কুমিরা রয়েল গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বারো আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাকিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ৮ নম্বর মিনিবাসটি জব্দ করা হয়েছে। সিভিল সার্জন ভালো আছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে চলাচলকারী ৮ নম্বর মিনিবাসগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস-হিউম্যান হলার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম অভিযোগ করেন, মহাসড়কে সমিতির নাম ভাঙিয়ে রুট পারমিট ও চালকের লাইসেন্স ছাড়াই অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল করছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, অলংকার থেকে সীতাকুণ্ড পর্যন্ত চলাচলকারী ৮ নম্বর মিনিবাসগুলোর বৈধ রুট পারমিট না থাকলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/চট্টগ্রাম নিউজ
