আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে সংস্কার কাজের মহাযজ্ঞ।
স্টেডিয়ামের গ্যালারী থেকে শুরু করে প্রতিটা কোনা করা হচ্ছে ঝকঝকে এবং তকতকে। কিন্তু সংস্কারের আওতায় ছিলনা ফ্লাড লাইট। প্রায় তিন দশক আগে লাগানো চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট গুলো বিভিন্ন সময়ে কয়েক দফা সংস্কার করা হলেও বর্তমানে বেশির ভাগ লাইটই নষ্ট। প্রায় মিনিস্টার ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে স্টেডিয়ামে দুই কোটি টাকারও বেশি সংস্কার কাজ হলেও ফ্লাড লাইটের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে প্রধানমন্ত্রীর কর্মসুচি চলাকালে কোন কারনে ফ্লাড লাইটের প্রয়োজনীয়তা দেখা দিলে তখন কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং প্রশাসন। কিন্তু তাদের ফ্লাড লাইট মেরামতের মত সক্ষমতা নেই।
বিষয়টি আজ শুক্রবার মহানগর বিএনপি আয়োজিত স্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে আসা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নজরে আনা হয়। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হন। সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব সালাহউদ্দিন জানান অর্থমন্ত্রীকে বিষয়টি জানানোর পর তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলেন। জেলা প্রশাসক অর্থমন্ত্রীকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা বলার পরামর্শ দেন।
এরপর অর্থমন্ত্রী কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে। অর্থমন্ত্রী অতি দ্রুত চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট সংস্কারের ব্যবস্থা গ্রহন করতে ক্রীড়া প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন। সালাউদ্দিন জানান অর্থমন্ত্রী চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট সংস্কারের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বিষয়টি দ্রুত দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান অর্থমন্ত্রীকে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট ব্যবহার না হওয়ায় বেশির ভাগ বাতি, ক্যাবল সহ নানা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। তাই এত অল্প সময়ে এই ফ্লাড লাইট সংস্কার করা কতটা সম্ভব তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। তবে সরকার চাইলে সম্ভব বলেও মত দেন একাধিক বিশেষজ্ঞ। যেহেতু অর্থমন্ত্রী নিজে বিষয়টি অনুধাবন করতে পেরেছেন সেহেতু তিনি চাইলে দ্রুততম সময়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট সংস্কার সম্ভব।
কারন এখানে সবচাইতে বড় প্রয়োজন অর্থ। আর সেটির নিশ্চয়তা অর্থমন্ত্রী দিয়েছেন বলেও জানিয়েছেন সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব সালাহউদ্দিন। এখন দেখার বিষয় অর্থমন্ত্রীর এই উদ্যেগ কতটা সফল হয়। প্রধানমন্ত্রী আসার আগে ফ্লাড লাইটের আলোয় স্টেডিয়াম উদ্ভাসিত হয় কিনা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
