কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযানে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে সমুদ্রে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১১টায় চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সাগরে একটি বাল্কহেডের তলা ফেটে পানি ঢোকায় বাল্কহেডটি ৪ জন ক্রুসহ ডুবতে শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হলে তাৎক্ষণিকভাবে বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট ও গুপ্তছড়া ঘাটে উপস্থিত বাল্কহেড মালিকপক্ষের সাথে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এ সময় সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর কোস্ট গার্ড তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে মালিকপক্ষের কাছে হস্তান্তর করে।
জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত। জনস্বার্থে এবং জরুরি উদ্ধারকার্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
