চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোয়াইব স্থানীয় মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির জ্যেষ্ঠ ছেলে। তিনি উপজেলার মাজেদা হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ জানান, দুপুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে পুকুরে নামে শোয়াইব। একপর্যায়ে তারা পুকুরঘাটের এক পাশ থেকে ডুব দিয়ে অন্য পাশে ওঠার চেষ্টা করে। এ সময় দুই বন্ধু নিরাপদে উঠে এলেও শোয়াইব ঘাটের নিচে আটকে যায়। বিষয়টি প্রথমে তার সঙ্গীরা বুঝতে পারেনি। দীর্ঘ সময় শোয়াইব পানির ওপর ভেসে না উঠলে তারা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরঘাটের নিচে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
