অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপর পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। কৃষির সকল ক্ষতিপূরণ ও বন্যার পর যে সংক্রামক রোগ দেখা দেয় তা মোকাবেলার জন্য পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ মজুদ রয়েছে। চিন্তার কোন কারণ নাই। সব ধরনের প্রস্তুতি সরকারে রয়েছে এবং পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকার ও আমাদের পক্ষ থেকে সকল কার্যক্রম অব্যাহত থাকবে। সরকার সঠিক তালিকার মাধ্যমে এই সংকট কাটিয়ে তুলবে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, মনে রাখতে হবে বন্যার পর থেকে এ বন্যা মোকাবেলার জন্য সরকার নজর রেখেছেন এবং সকল প্রস্তুতির অংশ হিসেবে কয়েজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন বন্যা সম্পর্কিত জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করার জন্য। এর অংশ হিসেবে মন্ত্রী ও প্রশাসনসহ সংশ্লিষ্টরা বন্যা দুর্গতদের সহায়তার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। কোন দুর্গত মানুষ যাতে কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়টি মাথায় রেখে দায়িত্বপ্রাপ্তরা রাতদিন কাজ করেছেন, যা দেশের নজির হয়ে থাকবে। শুধু তাই, বন্যা কবলিত সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ, এনামুল হক এনাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ সরকারি ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
আর/ চট্টগ্রাম নিউজ
