বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গোদা লগ কাঠসহ একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে ৯৮ দশমিক ১৯ ঘনফুট গোদা লগ কাঠ, যা অভিনব কৌশলে ট্রাকের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
রবিবার (১২ জুলাই ২০২৬) সকালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও স্থানীয় বন বিভাগের সমন্বয়ে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, আলীকদম থেকে অবৈধভাবে কাঠ পাচারের প্রস্তুতির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ডাম্পার ট্রাক (চট্টগ্রাম লট-৮৮) তল্লাশি করে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৯৮ দশমিক ১৯ ঘনফুট গোদা লগ কাঠ উদ্ধার করা হয়। পরে কাঠ ও ট্রাকটি জব্দ করা হয়।
জব্দকৃত কাঠ এবং ট্রাকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে আলীকদম ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বনজ সম্পদ রক্ষা ও অবৈধ পাচার প্রতিরোধেও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
