কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫)।
রোববার (৩মে) র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি চৌকস দল অভিযান চালায় পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায়
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে গত ৩ মে ২০২৬ র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি সিএনজি ও একটি সাদা রঙের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে নীল রঙের ২৫০টি এয়ারটাইট পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধারকৃত আলামতসহ বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন,“মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। উখিয়ার বালুখালীতে এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
