কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৪০ লাখ টাকা।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩৮টি প্যাকেট থেকে মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান সম্পর্কে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
