চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সন্ত্রাসী ডাকাত চক্রের দুই প্রধানসহ মোট সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে তিনটি স্টিলের ছোরা ও একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার একটি টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানে ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আবু সাঈদ রানাসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০) ও মো. শরীফ (৩০)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ-০২/০১/২০২৬ খ্রি.।
গ্রেপ্তার সাতজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আফতাব উদ্দিন আরও জানান, গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
আর এইচ/
