বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাইশারী বাজার ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মধ্যম বাইশারী এলাকায় কুখ্যাত ডাকাত হোছন (২৯)-এর বসতবাড়ির সামনের ঝোপঝাড় থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ০২টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ০১টি ৭.৬২ এমএম কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, “এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/
